২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১:১৩

হঠাৎ ট্রেনের সামনে গাছ ভেঙে পড়ে, ব্রেক চাপলে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়

প্রকাশিত: মে ২০, ২০২৩

  • শেয়ার করুন

চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়েছে। উদ্যানের ভেতরে গাছ ভেঙে ট্রেনের ওপর পড়লে ট্রেনের সামনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, টিলা ধসে গাছ ভেঙে পড়ে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ওপর। তখন ট্রেনটি লাইনচ্যুত হয়।

শমশেরনগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, এর ফলে সকালের ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

উদয়ন এক্সপ্রেসের যাত্রী আলমগীর হোসাইনী বলেন, খুব বাজেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়ার বনের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে। এতে সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যতটুকু জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টি হওয়ায় রেললাইনেরর ওপর গাছ হেলে পড়েছিল। সেই গাছের সঙ্গে ট্রেন ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

  • শেয়ার করুন