২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:২৮

বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস:

রাজধানীর উত্তরা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে হতাহত ব্যক্তিরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন পরিবারটি। স্বজনদের বরাতে এ কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে ক্রেন থেকে গার্ডারটি ছিটকে পড়ে। গার্ডারটি রাস্তায় থাকা প্রাইভেটকারের ওপর পড়লে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত দুজন।

নিহতরা হলেন রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। আহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ বলছে, বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। হতাহত সবাই নিকটাত্মীয়।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করে উত্তরা ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক সৈয়দ মনিরুল ইসলাম জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশু, দুই নারী এবং একজন পুরুষ রয়েছে। এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

  • শেয়ার করুন